আসন্ন রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল-কলেজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো: ইলিয়াছ আলী মন্ডল।
রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে তিনি এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের ৯০ শতাংশের মতো নাগরিক মুসলমান, সংবিধান ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) আইন অর্থ ‘বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি’ বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এটিই আইন প্রথা ও নীতি এবং ওইভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান মাহে রমজান মাসে বন্ধ থাকে, তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক।
