আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে গিয়ে বিএনপি নিজেরাই ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলন বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কি দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো- এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারবে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে, সন্ত্রাস হয়েছে। কানাডার আদালত যথাযথই বলেছে, এটি একটি সন্ত্রাসী সংগঠন।
