আন্তর্জাতিক ডেস্ক:
চলমান ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই মাঠের বাইরের একটি ঘটনা ক্রীড়াঙ্গন ও মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
২৫ বছর বয়সী এই ফুটবলার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা নিশ্চিত হওয়ার ঠিক আগে নিজ শহর অস্ট্রেলিয়ার এডিলেইড-এর একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম গ্রহণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি বক্তা ও দাঈ মুফতি মেঙ্ক। তাঁর উপস্থিতিতেই টেটে ইয়ঙ্গি কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশ করেন।
ইসলাম গ্রহণের পর দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, এটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। দীর্ঘদিন ধরেই তিনি ইসলাম সম্পর্কে জানার এবং এর শিক্ষা উপলব্ধি করার চেষ্টা করছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সঙ্গে সাক্ষাতের সময় তিনি জানতে চান, ইয়ঙ্গি ইতোমধ্যে শাহাদাহ পাঠ করেছেন কি না। সেই মুহূর্তে নিজের দীর্ঘদিনের চিন্তা-ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করেন।
বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলছেন ১.৯৭ মিটার উচ্চতার এই স্ট্রাইকার। বিশ্বকাপের আগে সুইজারল্যান্ড-এর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অভিষেকেই গোল করে দলকে ড্র এনে দিয়ে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের আস্থা অর্জন করেছেন ইয়ঙ্গি।
বিশ্বকাপের মতো বড় আসরের ঠিক আগে তাঁর ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ক্রীড়াঙ্গনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মধ্যেও বিষয়টি ইতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আওয়ার ইসলাম/জেডএম
