বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮


হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে প্রবেশ বা দেশত্যাগের সময় নগদ অর্থ ও স্বর্ণ বহনের ক্ষেত্রে নতুন বিধান কার্যকর করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, কাস্টমস ঘোষণা ছাড়া সর্বোচ্চ ৪০ হাজার সৌদি রিয়াল সমমূল্যের নগদ অর্থ, স্বর্ণ বা মূল্যবান সামগ্রী বহন করা যাবে। এর আগে এই সীমা ছিল ৬০ হাজার সৌদি রিয়াল।

নতুন এ বিধান সৌদি আরবে প্রবেশ ও দেশত্যাগকারী সব যাত্রীর জন্য প্রযোজ্য। এর আওতায় হজ ও ওমরাহ পালনকারী হাজি এবং স্বর্ণালংকার বহনকারী যাত্রীরাও অন্তর্ভুক্ত থাকবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো যাত্রীর কাছে নগদ অর্থ, স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর পরিমাণ নির্ধারিত ৪০ হাজার রিয়ালের বেশি হলে তাকে অবশ্যই লিখিত কাস্টমস ঘোষণা (Customs Declaration) দিতে হবে। পাশাপাশি বহন করা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর বৈধ মালিকানা ও ক্রয়ের প্রমাণপত্রও উপস্থাপন করতে হবে।

নিয়ম অমান্য করে ঘোষণা ছাড়া নির্ধারিত সীমার বেশি অর্থ বা স্বর্ণ বহন করলে কাস্টমস কর্তৃপক্ষ তা জব্দ বা আটকে রাখতে পারবে। কোনো ধরনের সন্দেহজনক লেনদেন বা অর্থপাচারের আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী সর্বোচ্চ ৭২ ঘণ্টা পর্যন্ত আটকে রেখে তদন্ত চালানোর ক্ষমতা থাকবে কর্তৃপক্ষের।

সৌদি কর্তৃপক্ষ ভ্রমণকারীদের যাত্রার আগে নতুন নিয়ম সম্পর্কে অবগত থাকার এবং নির্ধারিত সীমার বেশি নগদ অর্থ বা স্বর্ণ বহনের ক্ষেত্রে যথাযথ ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে হজ ও ওমরাহ যাত্রীদের এই বিধান মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে বিমানবন্দর বা স্থলবন্দরে কোনো ধরনের জটিলতার মুখোমুখি হতে না হয়।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ