সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আওয়ার ইসলাম ডেস্ক

উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো শক্তিশালী রপ্তানি নীতি, মানবসম্পদ উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন করেছে। বাংলাদেশও বিদেশে অর্থ পাচার বন্ধ, মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত এবং চামড়া, পাট ও তথ্যপ্রযুক্তির মতো সম্ভাবনাময় খাতের বিকাশ ঘটাতে পারলে দ্রুত এগিয়ে যেতে পারে।

শনিবার (৮ আগস্ট) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী রাখতে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে। জাতি তাদের এই অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি আদর্শ, সুশৃঙ্খল ও বৈষম্যহীন সমাজ গঠনে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে। সৎ, খোদাভীরু, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন প্রজন্মই আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি ঘুষ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। তিনি বলেন, সমাজে সৎ ও আদর্শবান নেতৃত্বের প্রয়োজন অত্যন্ত বেশি।

মুফতি আবুল হাসানের প্রশংসা করে তিনি বলেন, সিলেট-৫ আসনের জনগণ প্রতিনিধি নির্বাচনে ভুল করেনি। তাদের নির্বাচিত প্রতিনিধি সৎ ও আদর্শবান নেতৃত্বের উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছেন। দেশের প্রতিটি সংসদীয় আসনে এমন যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে খেলাফত মজলিস কাজ করছে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বর্তমান সরকারের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে পতিত শেখ হাসিনা সরকারের পরিণতি ভোগ করতে হবে।

আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাফিজ আহমাদ হাসানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আলহাজ সদরুজ্জামান খান, যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা শওকত আলী, যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবীরসহ অনেকে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান শায়েখ হাফিজ মাওলানা শামসুল হক, হেফাজতে ইসলাম ইউকের সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান মনোহরপুরী, উলামা মাশায়েখ ইউকের সাবেক সভাপতি শায়েখ মাওলানা মওদুদ হাসান, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম আবু তাহের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইউকে শাখার সভাপতি ড. মাওলানা শুয়াইব আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

এ ছাড়া জকিগঞ্জ অ্যাসোসিয়েশন, ইসলামিক টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য দেন।

সমাবেশে খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শেষে মোনাজাতের মাধ্যমে গণসমাবেশের সমাপ্তি হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ