নিজস্ব প্রতিবেদক
গত বছরের ধারাবাহিকতায় এবারও ফেনীতে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। আগামী ১ ডিসেম্বর থেকে পাঁচ দিনব্যাপী বইমেলা আয়োজন করতে যাচ্ছে ফেনী সাহিত্য ফোরাম। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১ থেকে ৫ ডিসেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে। বইপাঠে আগ্রহ সৃষ্টি, শিশু-কিশোরদের বইমুখী করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে।বইমেলা সফল করতে ১১ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করেছে সংগঠনটি।
বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ফেনী শহরের এসএসকে রোডের রয়েল স্যালমনে ফেনী সাহিত্য ফোরামের কার্যকরী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুবকে। যুগ্ম আহ্বায়ক মাওলানা আলাউদ্দিন নূরী এবং সদস্যসচিব মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক। কমিটির অন্য সদস্যরা হলেন কে এম বেলাল হোসাইন পাটওয়ারী, মাওলানা আজিজুল্লাহ আহমদী, মাওলানা মুহাম্মদ জাহিদ হাসান চৌধুরী, মাওলানা ইয়াছিন, মুফতি হাবীবুর রহমান, মাওলানা ইয়াছিন আরাফাত, মুহাম্মদ নাদের চৌধুরী ও মাওলানা লোকমান।
বৈঠকে ফোরামের উপদেষ্টারা গত বছরের বইমেলার আয়োজনের প্রশংসা করেন। তাঁরা বলেন, অল্প সময়ের প্রস্তুতিতে আয়োজিত গত বছরের বইমেলা জেলার বিভিন্ন পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেখানে শুধু ইসলামি বই নয়, দেশের স্বনামধন্য লেখকদের বিভিন্ন ধরনের বইও স্থান পেয়েছিল। ফলে মেলাটি হয়ে উঠেছিল নানা ধারার বই ও লেখকের মিলনমেলা।
উপদেষ্টারা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভরতার কারণে শিশু-কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে ফেনী সাহিত্য ফোরামের বইমেলার মতো উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শর্শদী মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, ফেনী সাহিত্য ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, মাওলানা একরামুল হক ভূঁইয়া ও মাওলানা আমির হোসেন।
এ ছাড়া ফোরামের সহসভাপতি শায়েখ আলাউদ্দীন নূরী, যুগ্ম সম্পাদক মুফতি আবদুর রহমান গিলমান, সহসাধারণ সম্পাদক মাওলানা আজিজুল্লাহ আহমদী, সাংগঠনিক সম্পাদক কে এম বেলাল হোসাইন পাটওয়ারীসহ কার্যকরী পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছর ফেনীতে প্রথমবারের মতো পাঁচ দিনের বইমেলার আয়োজন করে ফেনী সাহিত্য ফোরাম। সংগঠনটির সভাপতি মুফতি কাজী সিকান্দর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে গত ২৪ মার্চ ফেনী সাহিত্য ফোরামের ভ্রমণ আয়োজন চলাকালে আকস্মিকভাবে ইন্তেকাল করেন মুফতি কাজী সিকান্দর।
এমএম/