বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র কুরআনের শিক্ষা ও বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে আল-আমিন সংস্থা। আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজনের প্রচার-প্রসার ও সার্বিক সফলতা নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় হাটহাজারী পৌরসভার মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আল-আমিন সংস্থার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ মাহফিলের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সীমিত সামর্থ্য নিয়ে আয়োজন করা হলেও পবিত্র কোরআনের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে সংস্থার। এ লক্ষ্য বাস্তবায়নে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ আয়োজকদের অনুপ্রাণিত করবে।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা মাহফিলের প্রচার-প্রচারণা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সার্বিক আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। ধর্মীয় এ আয়োজনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সেক্রেটারি মুহাম্মদ আহসান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম ও মাওলানা আনওয়ারুল করিম, অর্থ সম্পাদক মাওলানা আজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আবুল হাশেমসহ হাটহাজারীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ তাফসিরুল কোরআন মাহফিল সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে আল-আমিন সংস্থা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ