প্রায় কম-বেশি সবাই মাথাব্যথার সমস্যায় ভুগে থাকেন। অনেক সময় ঠান্ডা বা সর্দি জ্বর বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে মাথাব্যথা হলে কিছুদিন পর তা ঠিক হয়ে যায়। কিন্তু অনেকেই বলে থাকেন, তাদের এসব কোনো সমস্যা না থাকার পরও মাথাব্যথা করে। স্বাভাবিকভাবে নিজেকে সুস্থ মনে হওয়ার পরও মাথাব্যথা মোটেও ভালো লক্ষণ নয়।
বিশ্বজুড়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী মানুষের ৪৬ শতাংশ প্রতিবছর অন্তত একবার মাথাব্যথায় আক্রান্ত হয়ে থাকেন। এই সমস্যায় আক্রান্ত হলে মানুষ তার কর্মক্ষমতা হারায় এবং একইসঙ্গে সময়ও নষ্ট হয়। কিন্তু কেন মাথাব্যথা হয়, এর লক্ষণ কী ও প্রতিরোধের উপায় নিয়ে দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. এম এস জহিরুল হক চৌধুরী। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
মাইগ্রেন: ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের এই মাইগ্রেনজনিত রোগ রয়েছে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বেশি দেখা দেয়। বিশেষ করে ১৫-১৬ বছর বয়স থেকে এর লক্ষণ শুরু হয়ে যা স্থায়ী হয় ৪০-৫০ বছর বয়স পর্যন্ত। এই রোগের লক্ষণ হচ্ছে মাথার যেকোনো অংশে ব্যথা, মাথার একপাশে ব্যথা হলে পরবর্তীতে অন্যপাশে ব্যথা। যা চার থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে।