শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| ইমরান ওবাইদ ||

পবিত্র জুমার নামাজ আল্লাহ নির্দেশিত ফরজ বিধানের একটি। বরকতময় এই নামাজের দিকে নিসবত করে হিজরি গণনায় শুক্রবারকে বলা হয় ইয়াওমুল জুমুআ বা জুমার দিন। পবিত্র কুরআনের একটি সুরার নামও রয়েছে বরকতময় এই ইবাদতের নামে—সুরা জুমা। আল্লাহ তায়ালা সুরা জুমার ৯ নম্বর আয়াতে সরাসরি নির্দেশ দিয়ে বলেন, ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন তোমাদেরকে নামাজের দিকে ডাকা হবে, তখন তোমরা দ্রুত আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে।’

সপ্তাহের মধ্যে শুক্রবার শ্রেষ্ঠতম দিন জুমার নামাজের কারণেই। এই দিনের গুরুত্ব বোঝাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন; তিনি বলেন, ‘জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ ও আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (সুনানে ইবনে মাজাহ: ১০৮৪)

পবিত্র জুমার নামাজকে ঘিরেই এই দিনের সকল গুরুত্ব, ফজিলত। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পন্থায় জুমার নামাজকে আদায় করলে আমরা নিঃসন্দেহে তার ফজিলত পাওয়ার আশা রাখতে পারি।

হাদিসের আলোকে জুমার নামাজের প্রস্তুতি:

১. হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নামাজের আগে মেসওয়াক করতেন। সহিহ বুখারির এক হাদিসে তিনি বলেছেন, ‘আমার উম্মতের জন্য যদি কঠিন না মনে করতাম—তাহলে প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করার আদেশ দিতাম।’ তাই জুমার নামাজের প্রস্তুতিও মেসওয়াকের মাধ্যমে শুরু করাই সর্বোত্তম।

২. জুমার দিন গোসল করা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে এলে সে যেন গোসল করে আসে।’ (সহিহ বুখারি)। তাই মেসওয়াক করার পর দ্বিতীয়তে আমাদের কাজ হওয়া উচিত সুন্নত মোতাবেক সুন্দরভাবে গোসল করা।

৩. তেল মাখা এবং সুগন্ধি ব্যবহার করাও সুন্নত। তাই তৃতীয়তে গোসল শেষে তেল মাখা এবং সুগন্ধি ব্যবহার করা যেতে পারে।

৪. জুমার নামাজ সাপ্তাহিক ঈদের নামাজ। তাই এই নামাজে নিজের সবথেকে ভালো পোশাক পরে নামাজে যাওয়া উত্তম। আর এটা সুন্নতেরও অংশ।

৫. জুমার দিন দ্রুত মসজিদে যাওয়া উত্তম। এই দিন আগেভাগে মসজিদে যাওয়ার মধ্যে রয়েছে বেশি নেকি পাওয়ার সম্ভাবনা। সহিহ বুখারির এক হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ফেরেশতারা জুমার দিনে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন। তারা প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লেখেন। সবার আগে যে আসে, তার নামে একটি উট সদকা করার সওয়াব লেখা হয়। তারপর যে আসে ওই ব্যক্তির আমলনামায় একটি গাভি, তারপর আগমনকারীর নামে একটি মুরগি, তারপর আগমনকারীর নামে একটি ডিম সদকা করার সওয়াব লেখা হয়। এরপর যখন ইমাম খুতবা দিতে আসেন—তখন ফেরেশতারা আমল লেখার খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শোনেন।’ (সহিহ বুখারি: ৮৮২)

৬. পায়ে হেঁটে জুমার নামাজে যাওয়ার চেষ্টা করা। এর মধ্যে রয়েছে বিশেষ সওয়াব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমার দিন যে গোসল করে জুমার সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, যাওয়ার সময় কোনো বাহনে চড়বে না—হেঁটে যাবে, ইমামের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না—সে মসজিদে আসার প্রতিটি কদমে এক বছর নফল রোজা রাখা ও এক বছর নফল নামাজ আদায়ের সওয়াব পাবে।’ (সুনানে আবু দাউদ: ৩৪৫, জামে তিরমিজি: ৪৫৬)

৭. মসজিদে যাওয়ার পর মনোযোগ দিয়ে খুতবা শোনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘জুমার দিনে যে ব্যক্তি মাথা ও শরীর ধুয়ে ভালোভাবে গোসল করে জুমার সময়ের প্রথম সময়েই কোনো বাহনে আরোহণ না করে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে, নিশ্চুপ হয়ে খুতবা শোনে, কোনো অনর্থক কাজ না করে—তার প্রত্যেক কদমে এক বছর আমল করার সওয়াব হবে।’ (সুনানে নাসায়ি: ১৩৮৪)

হাদিসে পাওয়া যায়, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই জুমার নামাজ আদায় করতেন। আমরাও যদি এভাবে জুমার নামাজের প্রস্তুতি নিয়ে তা সুন্দরভাবে পালন করতে পারি, তাহলে আমাদের জন্যও রয়েছে হাদিসে বর্ণিত সেই সওয়াব, যেখানে বর্ণিত হয়েছে—এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত হওয়া সব পাপ ক্ষমা করে দেওয়া হবে।

জুমার দিনের আরও কিছু ফজিলতপূর্ণ আমল:

১. সুরা কাহফ তিলাওয়াত করা।
২. বেশি বেশি দরুদ পাঠ করা।
৩. দোয়ায় মশগুল হওয়া।
৪. দান-সদকা করা।

আল্লাহ তাআলা আমাদের জুমার দিনের আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ