আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববীতে আজ জুমার নামাজে ইমামতি করবেন বিশিষ্ট দুই ইসলামিক স্কলার।
মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস। আর মসজিদে নববীতে ইমামতি করবেন শায়খ ড. খালেদ বিন সুলাইমান বিন আবদুল্লাহ আল-মুহান্না।
প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র দুই মসজিদে জুমার নামাজ আদায় করতে সমবেত হবেন বিপুলসংখ্যক মুসল্লি। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরাও সরাসরি সম্প্রচার ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজ উপভোগ করার সুযোগ পাবেন।
মসজিদুল হারামে শায়খ আবদুর রহমান আস-সুদাইস
পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস। তিনি সৌদি আরবের বিশিষ্ট ইসলামিক স্কলার ও পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব। তিনি তাঁর আবেগঘন কণ্ঠস্বর ও সুমধুর কোরআন তিলাওয়াতের কারণে বিশ্বজুড়ে মুসলিমদের কাছে বিশেষভাবে পরিচিত।
শায়খ সুদাইস ১৯৬০-এর দশকে সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকাইরিয়া শহরে জন্মগ্রহণ করেন।
শৈশবেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করার প্রতি গভীর মনোযোগী হয়ে ওঠেন। মাত্র ১২ বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি।
শিক্ষাজীবনে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন পুরস্কার কর্তৃপক্ষ তাঁকে ‘ইসলামিক পার্সোনালিটি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করে।
পবিত্র মসজিদুল হারামের ইমামতির পাশাপাশি তিনি পবিত্র দুই মসজিদের ধর্মীয় কার্যক্রম পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববীতে শায়খ খালেদ আল-মুহান্না
অন্যদিকে, মদিনার পবিত্র মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. খালেদ বিন সুলাইমান বিন আবদুল্লাহ আল-মুহান্না। তিনি সৌদি আরবের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার। ইসলামী জ্ঞানচর্চা, হাদিস-অধ্যয়ন ও শিক্ষকতার পাশাপাশি মসজিদে নববীর ইমাম হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছেন।
শায়খ খালেদ আল-মুহান্না ১৯৭৬ সালে সৌদি আরবের আল-আহসা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৯৮ সালে স্নাতক এবং পরবর্তী সময়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১০ সালে হাদিস বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দিন অনুষদে শিক্ষকতা করেন এবং সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে রিয়াদের বিভিন্ন মসজিদেও ইমামের দায়িত্ব পালন করেছেন।
২০১৫ সালের জুনে মসজিদে নববীতে অতিথি ইমাম হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান শায়খ আল-মুহান্না। পরে ২০১৯ সালের অক্টোবরে তাঁকে মসজিদে নববীর নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁর কোরআন তিলাওয়াতের অডিও রেকর্ড সৌদি আরবের বাদশাহ ফাহদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সের মাধ্যমেও সংরক্ষিত রয়েছে।
পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই ধর্মীয় কেন্দ্র। প্রতি শুক্রবার এ দুই মসজিদে জুমার নামাজকে ঘিরে সৃষ্টি হয় বিশেষ ধর্মীয় আবহ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরাও নামাজে অংশ নেন।
এসএইচ/