শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অকৃতকার্য বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪ লাখের বেশি শিক্ষার্থী মিরপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ এইচএসসি ও সমমানে পাসের হার নিম্নমুখী, ফেল বেড়েছে ৮৫ হাজার ‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী দিল্লির ১৫০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ভরিতে সোনার দাম কমলো ৫ হাজার ৪৮২ টাকা

ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ কয়েক দশকের স্বায়ত্তশাসন আন্দোলনের পর অঞ্চলটির প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়েছেন আবদুলরউফ মাকাকুয়া। শুক্রবার (৩০ অক্টোবর) কোটাবাটো সিটিতে অনুষ্ঠিত আঞ্চলিক পার্লামেন্টের প্রথম অধিবেশনে তিনি নির্বাচিত হন।

৮০ সদস্যের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে মাকাকুয়া ৫১ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাবেক মুখ্যমন্ত্রী মুরাদ ইব্রাহিম পেয়েছেন ২৭ ভোট। ভোটদানে বিরত ছিলেন একজন এবং একজন অনুপস্থিত ছিলেন। পাঁচ বছর মেয়াদি এই পার্লামেন্টের সদস্যরাই নিজেদের ভোটে সরকারপ্রধান নির্বাচন করেন।

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বক্তব্যে মাকাকুয়া বলেন, প্রকৃত স্বশাসনের পথে দীর্ঘ যাত্রায় আজ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্ত হলো। শক্তিশালী বাংসামোরো গড়ে তুলতে শুধু অভিন্ন আকাঙ্ক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতা।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সময় লাগে, মতপার্থক্য দূর করতে সংলাপ প্রয়োজন এবং বিরোধ নিষ্পত্তিতে পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। এমন একটি পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি, যেখানে সবার মতামত ও উদ্বেগ গুরুত্ব পাবে এবং মতপার্থক্য বিভেদের পরিবর্তে পারস্পরিক বোঝাপড়ার সুযোগ তৈরি করবে।

৬৯ বছর বয়সী আবদুলরউফ মাকাকুয়া ‘স্যামি গামবার’ নামেও পরিচিত। তিনি বাংসামোরো ট্রানজিশন অথরিটির সদস্য ছিলেন। একসময় মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) জ্যেষ্ঠ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির সশস্ত্র শাখার প্রধান স্টাফ হিসেবেও তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

২০২৫ সালের মার্চে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর আগে ২০১৯ সাল থেকে এ দায়িত্বে ছিলেন মুরাদ ইব্রাহিম।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মুসলিম-অধ্যুষিত বাংসামোরো অঞ্চল কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও সংঘাতের কেন্দ্র ছিল। ২০১৪ সালে ফিলিপাইন সরকার ও মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি হয়। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনের পথ তৈরি হয়।

মূলত ক্যাথলিক-অধ্যুষিত ফিলিপাইনে সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর বসবাস এ অঞ্চলেই। শান্তিচুক্তির ধারাবাহিকতায় ২০১৯ সালে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল (বার্ম) গঠিত হয়। দীর্ঘদিনের অন্তর্বর্তীকালীন প্রশাসনিক ব্যবস্থার পর গত ১৪ সেপ্টেম্বর অঞ্চলটিতে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটার উপস্থিতি ছিল ৮৪ শতাংশের বেশি। নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশনেই আবদুলরউফ মাকাকুয়া মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন।

বিশ্লেষকদের মতে, এ নির্বাচন বাংসামোরোর স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। আবুধাবির আনোয়ার গারগাশ কূটনৈতিক একাডেমির সহযোগী অধ্যাপক ও মুসলিম মিনদানাওবিষয়ক বিশেষজ্ঞ রিকার্ড ইয়ালকেব্রো আরব নিউজকে বলেন, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে মুখ্যমন্ত্রী তাঁর নেতৃত্বের গণতান্ত্রিক বৈধতা পেয়েছেন। এতে অঞ্চলটির প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি আরও শক্তিশালী হবে।

তবে এমআইএলএফে মাকাকুয়ার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা থাকলেও বৃহত্তর পার্লামেন্টারি জোটের মাধ্যমে সরকার পরিচালনা এবং সংগঠনটির নেতৃত্বের সঙ্গে সহযোগিতা বজায় রাখা তাঁর জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে বলে মনে করেন এই বিশ্লেষক।

তিনি বলেন, বাংসামোরোতে অগ্রগতি নিশ্চিত করতে ফিলিপাইনের কেন্দ্রীয় সরকার, আঞ্চলিক প্রশাসন ও এমআইএলএফের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

ইয়ালকেব্রোর মতে, শান্তিচুক্তির বাস্তবায়ন, স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অসম্পূর্ণ প্রতিশ্রুতিগুলো পূরণ এবং সাধারণ মানুষের জন্য মৌলিক সেবা নিশ্চিত করাই নতুন প্রশাসনের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত। শেষ পর্যন্ত নতুন সরকারের সফলতা নির্ভর করবে অঞ্চলটির মানুষের নিরাপত্তা, সরকারি সেবায় ন্যায্য সুযোগ এবং জীবিকার নিশ্চয়তা কতটা বাড়াতে পারে, তার ওপর।

সূত্র: আরব নিউজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ