বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮


খামেনির জানাজার সময় বিমান চলাচলে নিষেধাজ্ঞা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরান, কোম ও মাশহাদ শহরে বিমান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা। 

বুধবার (১ জুলাই) সংস্থাটির প্রধান আবুজার শিরুডি এক বিবৃতিতে জানিয়েছেন, জানাজা উপলক্ষে বিদেশি প্রতিনিধি দলগুলোকে অগ্রাধিকার এবং আকাশপথ সুরক্ষিত করার লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে মেহরাবাদ বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় কূটনৈতিক ও রাজনৈতিক ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে না এবং ওই দিন ইমাম খোমেনি বিমানবন্দর সাধারণ মানুষের জন্য খোলা থাকবে।

তিনি আরও বলেন, ৪ ও ৫ জুলাই তেহরানের মেহরাবাদ ও খোমেনি বিমানবন্দরে সীমিত কার্যক্রম চলবে। তবে ৬ জুলাই মূল জানাজার সময় তেহরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ থাকবে এবং রাজধানীর প্রধান এই দুই বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট চলাচল করবে না। সর্বশেষ ৯ জুলাই মাশহাদ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত থাকবে।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজার আয়োজন বারবার পেছানো হয়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ৪ থেকে ৮ জুলাইয়ের মধ্যে তেহরান, কোম ও মাশহাদে আলী খামেনির জানাজার পর সমাহিত করার কথা রয়েছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। এছাড়াও ইরাকের বাগদাদ, কাজমিন, কারবালা ও নাজাফ শহরেও আনুষ্ঠানিকতা হবে। 

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন। 

সূত্র: বিবিসি

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ