শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮


বাইরের ফারেগদের ইফতা বিভাগে ভর্তি করবে না মাজাহিরুল উলুম সাহারানপুর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাজাহিরুল উলুম সাহারানপুরের মজলিসে শূরার গুরুত্বপূর্ণ সভায় শিক্ষা, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হলো—প্রতিষ্ঠানটির ইফতা (ফতোয়া) বিভাগে এখন থেকে শুধু মাজাহির উলূমের নিজস্ব স্নাতক (মাযাহিরি) শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাইরের কেউ এই সুযোগ পাবেন না।

সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মজলিসে শূরার সভাপতি হাকিম মুহাম্মদ কালিমুল্লাহ। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানের সেক্রেটারি মুফতি সৈয়দ মুহাম্মদ সালেহ আল-হাসানি।

সভায় জানানো হয়, মাযাহির উলূমের স্নাতকদের আবেদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী শিক্ষাবর্ষ থেকে ইফতা বিভাগে কেবল প্রতিষ্ঠানটির নিজস্ব ফারেগ শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মচারীর বেতন সমান হারে বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কারের পরিমাণ এবং বিভিন্ন তাখাসসুস (বিশেষায়িত) বিভাগের শিক্ষার্থীদের বৃত্তিও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মজলিসে শুরার সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা (অডিট) প্রতিবেদন অনুমোদন করা হয়। এছাড়া দ্বীনি মক্তবগুলোর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বার্ষিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনেরও অনুমোদন দেওয়া হয়।

সভায় প্রতিষ্ঠানের সফরকারী প্রতিনিধিদের (সুফারা) বার্ষিক কার্যক্রম পর্যালোচনা করে কয়েকজনের নতুন নিয়োগ, কয়েকজনের স্থায়ীকরণ এবং কয়েকজনকে পদোন্নতির অনুমোদন দেওয়া হয়।

এদিকে, প্রতিষ্ঠানের তাজবিদ ও কিরাআত বিভাগের শিক্ষক কারি সৈয়দ মুহাম্মদ আম্মার কর্তৃক মাদরাসার গ্রন্থাগারে মূল্যবান আরবি বই উপহার দেওয়ায় মজলিসে শূরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনুষ্ঠানিক ধন্যবাদপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতের বিভিন্ন রাজ্য থেকে আগত মজলিসে শূরার সদস্য ও প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা সভায় অংশ নেন। সভাপতি হাকিম মুহাম্মদ কালিমুল্লাহর দোয়ার মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

সূত্র: ইউএনএ নিউজ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ