করাচি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি (হনরিস কাউসা) প্রদান করেছে বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বক্তা ডা. জাকির নায়েককে। করাচির সিন্দ গভর্নরের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার দ্য নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন সিন্ধ গভর্নর কামরান টেসোরি, যিনি করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও।
তিনি বলেন, ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে এই সম্মানসূচক ডিগ্রি ড. নায়েককে দেওয়া হয়েছে।
সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর টেসোরি বলেন, ড. নায়েক ইসলাম সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সফলভাবে অনেক বিতর্কে অংশ নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, ডা. নায়েক সর্বোচ্চ নিষ্ঠা ও প্রতিশ্রুতির মাধ্যমে ইসলামের প্রচার অব্যাহত রাখবেন।