নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত আহ্বায়ক কমিটিতে আবারও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি। এর আগে দলটির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটিতেও একই পদে দায়িত্ব পালন করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন আশরাফ মাহদি। জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা ও তরুণদের রাজনৈতিক সংগঠনে যুক্ত করার প্রক্রিয়ায়ও সক্রিয় ছিলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি গঠনের প্রক্রিয়ায় সার্চ কমিটির সদস্য হিসেবে যুক্ত হন আশরাফ মাহদি। পরে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এনসিপি গঠিত হলে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হন তিনি। পরবর্তী সময়ে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে এনসিপির সহযোগী সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
মাওলানা আশরাফ মাহদি ২০১৭ সালে অমর একুশে বইমেলা থেকে গুমের শিকার হওয়ার ঘটনায় আলোচনায় আসেন। পরে ২০২০ সালে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুবাইয়ে যাত্রাবিরতির সময় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং গ্রেপ্তার করা হয়।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে সরকারের সমালোচনা ও বিরোধিতার কারণে তিনি মামলা ও গ্রেপ্তারের শিকার হন বলে তাঁর রাজনৈতিক পরিচিতিতে উল্লেখ করা হয়েছে। তাঁর গ্রেপ্তারের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও উদ্বেগ প্রকাশ করেছিল।
ইসলামী রাজনীতির মধ্য দিয়ে আশরাফ মাহদির রাজনৈতিক পথচলা শুরু। ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান প্রয়াত মুফতি ফজলুল আমিনীর দৌহিত্র তিনি। ছাত্রজীবনে ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেন। শাপলা চত্বরের আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে সাধারণ আলেম সমাজের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং মাদ্রাসাশিক্ষার্থীদের সংগঠিত করতে ভূমিকা রাখেন।
অভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণ আলেমদের সংগঠিত করার লক্ষ্যে ‘তরুণ আলেম প্রজন্ম-২৪’ উদ্যোগের সঙ্গে যুক্ত হন আশরাফ মাহদি। এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাদ্রাসাশিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। ইসলামী রাজনীতির অভিজ্ঞতা, আলেম-শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা এবং এনসিপির সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার ধারাবাহিকতায় নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেলেন তিনি।
এমএম/