ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশের জনগণ অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও তেমনি যে কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ প্রতিহত করতে সদা প্রস্তুত থাকবে।
মঙ্গলবার (২৩ জুন) নগর আমেলার এক সভায় তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে অভ্যুত্থানের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে বিদায় করেছে। বাংলাদেশের জনগণ কখনোই অন্যায়ের প্রশ্রয় দেয় না। তাই ভবিষ্যতে কেউ নতুন করে ফ্যাসিবাদী আচরণ করলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, যেকোনো ধরনের নব্য ফ্যাসিবাদ রুখতেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সদা জাগ্রত রয়েছে।
নগর সভাপতি অভিযোগ করে বলেন, পতিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে এখনো গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও মন্তব্য করেন, সরকারি ও বিরোধী উভয় রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড ক্ষেত্রবিশেষে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে। একই সঙ্গে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আইও/