মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮


‘সাংবাদিক নির্যাতন জামায়াতের স্বৈরতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, সাংবাদিকদের ওপর হামলা একটি স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ এবং এ ধরনের ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা জনগণের চোখ হিসেবে সমাজের বিভিন্ন ঘটনা ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরেন। সেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের একটি কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তা দলটির ভেতরে বিকশিত হতে থাকা স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি জানান, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন।

আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মাহফুজুর রহমান শিশির, মারুফ হোসেনসহ সকল ক্ষতিগ্রস্ত সাংবাদিকের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

বিবৃতিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হতে পারে না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা জামায়াতের নেতা-কর্মী বলে প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, সেটিও পর্যবেক্ষণ করা হবে।

জামায়াত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে শেখ ফজলুল করীম মারুফ বলেন, দলের কর্মীদের মানসিক ও নৈতিক গঠনে আরও গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে দেখা কিংবা মতভিন্নতাকে শক্তি প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করার প্রবণতা উদ্বেগজনক। এমন মানসিকতা রাজনৈতিক সংস্কৃতির জন্যও ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ