বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সুষ্ঠু নির্বাচন দাবিতে ইসিতে জামায়াতের ১৮ সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ দফা সুপারিশ দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব করেছে তারা। একই সঙ্গে জোটবদ্ধভাবে ভোট করলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে– সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান যেন কোনোভাবেই বদলানো না হয়, সেই দাবিও জানিয়েছে দলটি। 

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠককালে এসব সুপারিশ তুলে ধরা হয়। সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

বৈঠক শেষে ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, অত্যন্ত খোলামেলা, আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আমরা লিখিতভাবে ১৮ দফা দিয়ে বলেছি, এর বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এগুলোর ব্যাপারেও কমিশন কোনো নেতিবাচক কথা বলেনি। আমরা বলেছি, ইসিকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত, নির্বাচন সুষ্ঠু করতে হবে।