||আনোয়ার হোসেইন মঞ্জু||
নিজের পায়ে কুড়াল মারতে জামায়াত নেতাদের জুড়ি নেই। তাঁরা কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে হরহামেশাই কথা ও কাজের সমন্বয়ের কথা বলেন। আহা! তাঁরা নিজেরাই যদি আয়াতটি আমল করতেন, তাহলে কতই না ভালো হতো। তাঁরা যদি তাঁদের পবিত্র জিহ্বা সতর্ক রাখতে পারতেন, তাহলে ৮৪ বছরের ‘বয়োবৃদ্ধ’ ইসলামি দলটির পক্ষে দেশ ও জাতিকে আরও ভালো কিছু দেওয়া সম্ভব হলেও হতে পারত।
কিন্তু জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীসহ দলটির প্রতিষ্ঠাকালীন নেতারা, যাঁরা পাকিস্তান প্রতিষ্ঠার বিরুদ্ধে ও অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, মুসলমানদের পৃথক আবাসভূমি প্রতিষ্ঠা যখন কেবল সীমানা চিহ্নিতকরণ ও পৃথক পতাকা উত্তোলনের অপেক্ষায় ছিল, তখন তাঁরা ভোল পাল্টে সদ্যোজাত পাকিস্তানে তাঁদের খুঁটি স্থাপন করেন। তাঁরা যেখানে সেই খুঁটি পুঁতেছিলেন, জামায়াতে ইসলামী পাকিস্তানেও সেই খুঁটির চারপাশে ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশেও তারা সেই খুঁটি ঘিরেই আবর্তিত হচ্ছে।