রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কানাডার ভিক্টোরিয়া শহরে একটি মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইসলামবিদ্বেষী মন্তব্য করতে করতে এক ব্যক্তি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর আনাদোলু এজেন্সির।

কানাডিয়ান মুসলিমদের জাতীয় পরিষদ-এনসিসিএম শনিবার (২০) এক বিবৃতিতে জানায়, বিসিএমএ মসজিদের ইমাম শেখ ইব্রাহিম বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ পরিচালনার পর নিজের গাড়িতে বসে ছিলেন। এ-সময় এক ব্যক্তি জোরপূর্বক গাড়ির দরজা খুলে তাকে আক্রমণ করে।

বিবৃতিতে বলা হয়, হামলাকারী ইসলামবিদ্বেষী গালিগালাজ করতে থাকে এবং ইমামকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলে চিৎকার করে।

এনসিসিএম জানায়, ঘটনার পর গত ৪৮ ঘণ্টা ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সংস্থাটি বলেছে, একজন সম্মানিত ধর্মীয় নেতাকে এভাবে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি আমাদের সম্প্রদায়ের জন্য ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ কতটা বিপজ্জনক হয়ে উঠছে তারও একটি স্পষ্ট স্মারক।

সংস্থাটি আরও উদ্বেগ প্রকাশ করে জানায়, মুসলিমবিরোধী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা সকল পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতাদের এ ধরনের হামলার নিন্দা জানানো এবং ঘৃণাজনিত অপরাধ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এনসিসিএম আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার সব দিক, বিশেষ করে এটি ঘৃণাপ্রসূত অপরাধ ছিল কি না, তা তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে ইমামের শারীরিক অবস্থার বিষয়ে বা হামলাকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ