নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে এসে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে হেফাজতে ইসলাম ও মাদরাসা কর্তৃপক্ষ।
আগামী রোববার (৯ আগস্ট) নির্ধারিত সফর উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণ, আশপাশের এলাকা ও যাতায়াতপথে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদরাসা কর্তৃপক্ষ সমন্বিতভাবে নিরাপত্তা ও অভ্যর্থনার সব ব্যবস্থা চূড়ান্ত করেছে।
শুক্রবার জুমার নামাজের পর বাবুনগর মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার সফরস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬৪ জন শীর্ষ আলেম বাবুনগর মাদরাসায় উপস্থিত থাকবেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ এসব আলেমের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এ সফরের মাধ্যমে ফটিকছড়ির দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।
তিনি জানান, সফরকালে ফটিকছড়ির উন্নয়নের লক্ষ্যে সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, স্থানীয় গ্যাসসম্পদের অগ্রাধিকারভিত্তিক ব্যবহার, চা ও রাবার বাগানে শিল্পভিত্তিক গ্যাস সংযোগ এবং খাসজমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলাসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
সংসদ সদস্য আরও জানান, সফরে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, বিভিন্ন এলাকার সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সফর সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন সংকটময় সময়ে তিনি তাদের পরিবারের পাশে অভিভাবকের মতো ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়ির পাইন্দং পেলাগাজী দিঘী হেলিপ্যাড থেকে বাবুনগর মাদরাসা পর্যন্ত সড়কে সাজসজ্জা করা হয়েছে। পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট দুপুরে বাঁশখালীর কর্মসূচি শেষে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় পৌঁছে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন এবং পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।
আরএইচ/