বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৫ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭


 ‘ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় কোনো প্রভাব নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফ্যামিলি কার্ড বিতরণের স্বচ্ছতা নিশ্চিতে সমাজসেবা অধিদফতরের কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বাছাই করা হচ্ছে, এতে রাজনৈতিক বা দলীয় কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুরের মিরপুর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক জানান, ভোটের আগে পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার ২১ দিনের মাথায় সেই অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে। যারা এখনো কার্ড পাননি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে উপকারভোগীর মোবাইলে স্বয়ংক্রিয়ভাবে ভাতার টাকা চলে যাবে।’

দেশের নাগরিকদের দায়িত্ব পালনের গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘দেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়, নাগরিকরাও তাদের দায়িত্ব পালন করলে সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

এদিন ডিএনসিসির অঞ্চল-২ ও ৪ এর ৪ এবং ১৪ নং ওয়ার্ডের ১০ জনের হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদুল ফিতরের আগে আরও ৫০৯ জনকে কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে বাগানবাড়ি বস্তির ৩৯২টি পরিবার এবং ওলিমিয়ার টেক বস্তির ১১৭টি পরিবার এই কর্মসূচির আওতায় এসেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দীন। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান।

উপকারভোগীরা তাদের আনন্দ প্রকাশ করেন। রিনা আক্তার নামে একজন বলেন, ‘আমরা কল্পনাও করিনি এত দ্রুত কার্ড হাতে পাব। এই সহায়তার টাকা দিয়ে মেয়ের পড়াশোনা চালাবো এবং কিছু সঞ্চয় করে ছোটখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনা আছে।’

শারমিন আক্তার নামে আরেকজন বলেন, ‘ফ্যামিলি কার্ড পেয়ে আমরা খুব আনন্দিত। আশা করি সরকার সবসময় আমাদের পাশে থাকবে।’

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ