শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

স্বপ্নকে কেন্দ্র করে ধর্মীয় সিদ্ধান্ত নেওয়া এবং ভবিষ্যৎ জানার আশায় গণক-জ্যোতিষীদের শরণাপন্ন হওয়ার ব্যাপারে মুসলমানদের সতর্ক করেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। তিনি বলেছেন, কোনো স্বপ্ন সত্য হলেও তা শরিয়তের বিধান নির্ধারণের ভিত্তি হতে পারে না।

শুক্রবার (১৪ আগস্ট) জুমার খুতবায় তিনি বলেন, মানুষের জীবনে স্বপ্নের নানা ধরনের অভিজ্ঞতা হতে পারে। এর মধ্যে কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে, আবার কিছু শয়তানের পক্ষ থেকে ভয় ও অস্থিরতা সৃষ্টির কারণ হতে পারে। কিছু স্বপ্ন মানুষের দৈনন্দিন চিন্তা, অভিজ্ঞতা ও মানসিক অবস্থার স্বাভাবিক প্রতিফলনও হতে পারে।

শায়খ সালেহ বিন হুমাইদ স্বপ্নকে তিন ভাগে বিভক্ত করে এর ব্যাখ্যা তুলে ধরেন। তাঁর মতে, প্রথম ধরনের স্বপ্ন হলো সত্য স্বপ্ন বা রু’ইয়া—যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে। এমন স্বপ্ন ব্যক্তির জন্য আনন্দের কারণ হলেও এর মাধ্যমে নতুন কোনো ধর্মীয় বিধান প্রতিষ্ঠা করা যায় না।

দ্বিতীয় ধরনের স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসা দুঃস্বপ্ন। এসব স্বপ্ন মানুষকে ভয়, দুশ্চিন্তা ও অস্থিরতার মধ্যে ফেলতে পারে। এ ধরনের স্বপ্ন নিয়ে মানুষের কাছে আলোচনা না করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং তা উপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

তৃতীয় ধরনের স্বপ্ন মানুষের দৈনন্দিন চিন্তা ও অভিজ্ঞতার প্রতিফলন। দিনের বিভিন্ন ঘটনা, উদ্বেগ, আকাঙ্ক্ষা কিংবা মানসিক ব্যস্ততা ঘুমের মধ্যে স্বপ্নের আকারে ফিরে আসতে পারে। তাই এমন প্রতিটি স্বপ্নের মধ্যে বিশেষ কোনো বার্তা খোঁজা ঠিক নয়।

মসজিদুল হারামের ইমাম বলেন, স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত সংবেদনশীল বিষয়। যথাযথ ইসলামী জ্ঞান ছাড়া এ বিষয়ে মন্তব্য করা উচিত নয়। কারও স্বপ্ন শুনে অনুমানের ভিত্তিতে ব্যাখ্যা দেওয়া কিংবা স্বপ্নকে কেন্দ্র করে মানুষের মধ্যে ভয়, আশা বা বিভ্রান্তি তৈরি করা অনুচিত।

তিনি বিশেষভাবে সতর্ক করে বলেন, স্বপ্নের ওপর ভিত্তি করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কিংবা কোনো বিষয়কে ধর্মীয়ভাবে বৈধ-অবৈধ নির্ধারণ করা যায় না। শরিয়তের বিধান জানতে হলে কোরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য আলেমদের নির্দেশনার দিকে ফিরে যেতে হবে।

খুতবায় শায়খ সালেহ বিন হুমাইদ ভবিষ্যৎ জানার উদ্দেশ্যে গণক, জ্যোতিষী ও ভাগ্য গণনাকারীদের কাছে যাওয়ার ব্যাপারেও সতর্ক করেন। মানুষের অজানা বিষয় জানার আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে এ ধরনের ব্যক্তিরা অনেক সময় মানুষকে বিভ্রান্ত বা প্রতারিত করে থাকে।

তিনি মুসলমানদের গায়েবের জ্ঞান আল্লাহর কাছে—এই বিশ্বাস দৃঢ় রাখার এবং অজানা ভবিষ্যৎ নিয়ে গণক বা জ্যোতিষীদের বক্তব্যের ওপর নির্ভর না করার আহ্বান জানান।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ