নিজস্ব প্রতিবেদক:
আগামী বছরের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যেই হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশ সরকার এ সময়সূচি নির্ধারণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনাতেই ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে তার আগে প্রত্যেক হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধন সম্পন্নকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেমের মাধ্যমে নিজেই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের নির্ধারিত ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে।
অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে নিবন্ধনের অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
এদিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। পাশাপাশি হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়বিক বা মানসিক রোগ, ডিমেনশিয়া, ক্যানসারের চিকিৎসাধীন রোগী এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজ পালনের অনুমতি পাবেন না।
