শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের লাহোরের উপকণ্ঠে রায়বেন্ডে শুরু হয়েছে ২০২৬ সালের বার্ষিক তাবলিগি ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী এ পর্ব আগামীকাল রোববার (১৫ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এর আগে গত ৫ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হয় ইজতেমার প্রথম পর্ব।

লাহোর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের ইজতেমায় বিশ্বের ১০৯টি দেশের মুসল্লি ও প্রতিনিধির অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে। পাকিস্তানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বাংলাদেশ, ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে তাবলিগের সাথি ও মেহমানরা এতে অংশ নিচ্ছেন।

লাহোর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রায়বেন্ডে তাবলিগ জামাতের কেন্দ্রীয় মারকাজকে ঘিরে প্রতিবছর এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ইজতেমার মূল আয়োজনের জন্য প্রায় ১০০ থেকে ১৫০ একর জমি ব্যবহৃত হয়ে থাকে। তবে এবারের ময়দানের সুনির্দিষ্ট আয়তন সম্পর্কে সরকারি পরিসংখ্যান পাওয়া যায়নি।

ইজতেমার দ্বিতীয় পর্বে প্রতিদিনের বয়ান, তালিম ও আমলের পাশাপাশি বিভিন্ন দেশ, ভাষা ও শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ হালকার আয়োজন রাখা হয়েছে। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আলেম, মুরব্বি ও দায়িত্বশীলরা অংশ নিচ্ছেন।

শুক্রবার বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল সাহিব। বাদ জুমা বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক এবং বাদ আসরে মাওলানা রবিউল হক। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইব্রাহিম দেওলা।

এদিন মাদরাসার শিক্ষার্থী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য পৃথক হালকার আয়োজন করা হয়। বাংলা, আরবি, ইংরেজি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও কিরগিজস্তানসহ বিভিন্ন হালকায় বাংলাদেশের আলেম ও দায়িত্বশীলরাও দায়িত্ব পালন করছেন।

শনিবারের কর্মসূচিতে বাদ ফজর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। বাদ যোহর ভাই ফারুক, বাদ আসর মাওলানা জুহারুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা বয়ান করবেন। এদিন ওলামা, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, বধির এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য বিশেষ হালকা অনুষ্ঠিত হবে।

ইজতেমার শেষ দিন রোববার হেদায়েতি বয়ান করবেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। এরপর আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইব্রাহিম দেওলা।

ইজতেমাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পাকিস্তানের প্রশাসন। প্রথম পর্বে তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। ময়দান ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা চেকপোস্ট ও পুলিশ সহায়তা ক্যাম্পের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে লাহোর ট্রাফিক পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। যানবাহন চলাচলে সাতটি প্রবেশপথ ও ১০টি স্থানে ট্রাফিক ডাইভারশন রাখা হয়েছে। দায়িত্ব পালন করছেন ১১০৩ জন ট্রাফিক কর্মকর্তা ও সদস্য। এ ছাড়া ১৫টি গাড়ি সরানোর যান এবং নয়টি ব্রেকডাউন যান প্রস্তুত রাখা হয়েছে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থানগুলোতে ২ হাজার ৮০০টি বড় যানবাহন, ৫ হাজার ৪০০টি গাড়ি ও ১০ হাজার মোটরসাইকেল রাখার ব্যবস্থা রয়েছে।

মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প, চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ১০ শয্যার অস্থায়ী হাসপাতাল ও ছয়টি মেডিকেল ডিসপেনসারি স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি পানি সরবরাহ, পরিচ্ছন্নতা ও পার্কিং ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে পাকিস্তান রেলওয়ে গ্রিন লাইন ট্রেনের রায়উইন্ড স্টেশনে বিশেষ যাত্রাবিরতির ব্যবস্থা করেছে। এ ছাড়া বিভিন্ন রুটে বাস ও শাটল সার্ভিস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ