রবিবার, ২৪ মে ২০২৬ ।। ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৭ জিলহজ ১৪৪৭


কোরবানি নিয়ে জমিয়তে উলামায়ে হিন্দের জরুরি বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোরবানির পবিত্র ইবাদত সুষ্ঠু, নিরাপদ ও আইনসম্মতভাবে পালনের লক্ষ্যে দেশের (ভারতের) বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বার্তা দিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।

শুক্রবার (২২ মে) সংগঠনটির সভাপতি মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানীর পক্ষে জারি করা এক বার্তায় বলা হয়, কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি ওয়াজিব। নির্ধারিত সময়ের মধ্যে এর কোনো বিকল্প নেই। তবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কোরবানি কার্যক্রমে বাধা ও জটিলতা সৃষ্টি হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

এই প্রেক্ষাপটে জেলা পর্যায়ের দায়িত্বশীলদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় কোরবানির সময় আইন মেনে চলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

বার্তায় বলা হয়, কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই আইনগত বিধিনিষেধ মানতে হবে এবং নিষিদ্ধ পশুর কোরবানি থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পশুর বর্জ্য ও আবর্জনা রাস্তা, নালা বা জনসমাগমস্থলে না ফেলে নির্ধারিত স্থানে পরিষ্কারভাবে অপসারণ করতে হবে।

এতে আরও বলা হয়, কোরবানির সময় কোনো ধরনের গুজব, উসকানিমূলক ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকতে হবে। আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

সংগঠনটি জানায়, কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়, কোথাও কোনো অসামাজিক কার্যকলাপ বা উসকানি দেখা দিলে সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন ও থানায় জানাতে হবে। পাশাপাশি কোরবানি কার্যক্রমে কোনো বাধা সৃষ্টি হলে জমিয়তে উলামায়ে হিন্দ-এর স্থানীয় অফিসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ