বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


আগুনে জ্বলছে সুদান, নীরব পৃথিবীর বিবেকহীনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক জাহেদুল ইসলাম আল রাইয়ান

পৃথিবীর মানচিত্রে সুদান এখন কেবল একটি রাষ্ট্র নয়, এটি মানবতার ভগ্ন আয়না। প্রতিদিন সেখানে ধ্বংসের নতুন ভাষা লেখা হচ্ছে, যেখানে শিশুর কান্না, মায়ের আর্তনাদ, আর ভস্মীভূত ভবনের ধোঁয়া মিলেমিশে এক বিকৃত বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। রাজধানী খার্তুম থেকে শুরু করে দারফুরের বিস্তীর্ণ মরুভূমি—সবখানেই যুদ্ধ এখন এক মহামারির মতো ছড়িয়ে পড়েছে। মানুষের জীবন আজ পরিসংখ্যান, মৃত্যু এখন খবরের এক লাইনে সীমাবদ্ধ।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ, মূলত সুদানের সেনাবাহিনী (Sudanese Armed Forces—SAF) ও আধাসামরিক Rapid Support Forces (RSF)-এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই। কিন্তু এই যুদ্ধের প্রকৃত ভুক্তভোগী সাধারণ মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে, এই সংঘর্ষে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে, কয়েক মিলিয়ন মানুষ দেশছাড়া হয়েছে। হাসপাতালগুলো পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে, খাদ্য ও ওষুধের অভাবে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। শহরগুলো ধ্বংসস্তূপ, শিশুদের ভবিষ্যৎ মুছে যাচ্ছে ধুলোয়।