ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় ১০ অক্টোবর। কিন্তু ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের হত্যা করছে। শান্তিচুক্তির পর দখলদার বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন। চুক্তি লঙ্ঘনে দুপক্ষ পরস্পরকে দোষী সাব্যস্ত করছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে যুদ্ধবিরতি লঙ্ঘনে হামাসকে দায়ী করেছে।
হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরায়েল অন্তত ৫০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরায়েলও এই অভিযোগ অস্বীকার করেছে। এসব ঘটনায় যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ইসরায়েলের মন্ত্রীদের কয়েকজন গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকিও দিয়েছেন। ইতোমধ্যে রাফা ও দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আলজাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
রয়টার্স জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসের নিরাপত্তা বাহিনী গাজার উল্লেখযোগ্য অংশের ওপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে শুরু করেছে। তারা এখন ইসরায়েল-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মোকাবিলায় ব্যস্ত। গাজা শহরের পূর্বাঞ্চলে এবং রাফায় হামাসের সেনা মোতায়েন করা হ