নিজস্ব প্রতিবেদক
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এর পরীক্ষা আজ শুক্রবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠেয় এ পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই সহস্রাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন।
অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিবন্ধন করেছেন। আয়োজকদের প্রত্যাশা, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতার পরীক্ষা সম্পন্ন হবে।
পরীক্ষাকে সামনে রেখে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মূল পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে একটি ডামি পরীক্ষা ও একটি মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। সেগুলোতে প্রতিযোগীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। বইটির আলোকে বিশেষজ্ঞদের একটি দল ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন তৈরি করেছে। নিবন্ধন সম্পন্ন করা প্রতিযোগীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, নিবন্ধনকারীদের বড় একটি অংশ কওমি মাদরাসার শিক্ষার্থী। তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সূচির সঙ্গে পূর্বনির্ধারিত তারিখ মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখ পিছিয়ে ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়।
প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীর জন্য পাঁচ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার রাখা হয়েছে। প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৩০ হাজার টাকা।
এ ছাড়া চতুর্থ থেকে ২৫তম স্থান অর্জনকারী ২২ জনকে দুই হাজার টাকা করে এবং ২৬তম থেকে ৭৫তম স্থান অর্জনকারী ৫০ জনকে পাঁচ হাজার টাকা সমমূল্যের বই পুরস্কার দেওয়া হবে।
এসএইচ/