নিজস্ব প্রতিবেদক-
কওমি মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করা এবং শিক্ষার মানোন্নয়নে সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, প্রাথমিকভাবে কওমি মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কওমি শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, কওমী শিক্ষার্থীদের প্রচলিত ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতি গঠনে তাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম, সালমা গ্রুপের চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল আবছার, মোহাম্মদ আলী, বদিউল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ইমতিয়াজ হোসেন বেলাল, আবু তাহের সওদাগর, শফিকুল আলম চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, মাওলানা লুৎফুর রহমান, মুফতি এমদাদ উল্লাহ, কারী মো. লোকমান, মুফতি শোয়াইব, বিএনপি নেতা মনজুর আলম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেডএম/
