নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। এতে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর আগমন ঘিরে স্থানীয় আলেম-উলামার মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। সম্মেলন সফল করতে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের অংশগ্রহণে এক মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত আলেমরা মুফতি মুহাম্মদ তাকী উসমানীর শুভাগমনকে কেন্দ্র করে গভীর আগ্রহ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা ও বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত নানা পরামর্শ উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক এবং মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবদুল মুনতাকিম। সভা পরিচালনা করেন জামেয়ার শিক্ষা বিভাগীয় প্রধান ও বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মুহাম্মদ আবদুল মুকতাদির। সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম সম্মেলনের বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন।
স্বাগত বক্তব্য দেন জামেয়ার শায়খুল হাদিস ও আদব বিভাগীয় প্রধান শায়খ মাওলানা বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামধা, মুক্তিরচক, দারুস সালাম, সোবহানীঘাট ও লামাশ্যামপুরসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিসরা।
এ ছাড়া আযাদ দ্বীনি এদারা, জমিয়তে উলামায়ে ইসলাম, জাতীয় ইমাম সমিতি এবং সিলেটের বিভিন্ন দ্বীনি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ও বিশিষ্ট আলেমরা সভায় উপস্থিত ছিলেন। জামেয়ার শিক্ষক, বিভিন্ন মাদরাসার মুহাদ্দিস, জ্যেষ্ঠ শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে মুরাদগঞ্জ মাদরাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
আইও/