শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক-নৌপথ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাগড়াছড়ির সাজেকে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে রাঙামাটি-খাগড়াছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে।

২৪ অক্টোবর শনিবার ভোর থেকে শুরু হওয়া এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

সাজেকে জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে। পাশাপাশি সাজেকবাসীর দাবির প্রতিও সংহতি জানিয়েছে সংগঠনটি।

জানা যায়, অবরোধ চলাকালে রাঙামাটি শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ায় অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তবে রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে এ সড়কের খামারপাড়া ও ধর্মঘর এলাকায় অবরোধকারীরা গাছের গুঁড়ি জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সাজেক সড়কের বিভিন্ন স্থানেও গাছের গুঁড়ি জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছে। ওই সড়কে যানবাহন চলাচল করছে না। অবরোধ চলাকালে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। তবে কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে। সাজেকে গোলাগুলির অজুহাতে সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আমরা সমর্থন করি না। সাজেকবাসীর দাবি ন্যায্য বলেও মন্তব্য করেন।

উষাতন চাকমা আরও বলেন, সাধারণ মানুষের ওপর আবার হামলা ও মামলা চালানো হলে এবং সাজেকবাসীর দাবি পূরণ না হলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হব।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সাজেকে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকলেও সড়কে কোনো পিকেটার অবস্থান করছেন না।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন বলেন, শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হচ্ছে। কোথাও সংঘাতের ঘটনা ঘটেনি। রাঙামাটি-চট্টগ্রাম সড়ক ও নৌপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং কয়েকটি স্থানে অবরোধকারীরা পিকেটিং করছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ