মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮


দেওভোগ মাদরাসা পরিদর্শনে বেফাক নারায়ণগঞ্জ জেলা নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ মাদরাসায় সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা।

সোমবার (৬ জুলাই) বেফাক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদরাসাটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ফতুল্লা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা মামূনুর রশীদ, সোনারগাঁ শাখার সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভীসহ জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দল মাদরাসার পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শাহজাহান আলম, সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খোকনসহ অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় মাওলানা আব্দুল কাদির বলেন, চলমান পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণে রাখায় মাদরাসা কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় মাদরাসা পরিচালনা কমিটির নেতারা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পূর্ণভাবে মাদরাসার অভ্যন্তরীণ বিষয়। তাদের দাবি, মাদরাসায় কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয় না এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনাও ঘটেনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে—এমন প্রচারণাকে তারা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

পরিচালনা কমিটির সদস্যরা আরও জানান, বর্তমানে মাদরাসার সার্বিক পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। শিক্ষাকার্যক্রমও নির্বিঘ্নে চলমান রয়েছে বলে তারা জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ