নিজস্ব প্রতিবেদক-
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।
দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত গত ২৪ জুন জারি করা এক সাংগঠনিক সার্কুলারের মাধ্যমে কেন্দ্রের পক্ষ থেকে দেশের সব শাখাকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আহতদের খোঁজখবর নেওয়া ও সম্ভাব্য সহযোগিতা প্রদান, ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার ত্বরান্বিত করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা, গণসংযোগ, গণজমায়েত ও মিছিল। এছাড়া দেয়ালিকা প্রকাশ, জুলাই আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও পালন করা হবে।
কর্মসূচির উদ্বোধনী দিনে, ১ জুলাই বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
একই দিন ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে বাদ ফজর উত্তরায় গণঅভ্যুত্থানের শহীদ জাবের ইব্রাহীমের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী উপস্থিত থাকবেন।
খেলাফত মজলিস জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা শাখায়ও জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আওয়ার ইসলাম/জেডএম
