রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


জমিয়তের উত্তরা পূর্ব থানা কমিটি পুনর্গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের অধীন উত্তরা পূর্ব থানার দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও নতুন কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে। সভায় আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সফল করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৮ জুন) সকাল ৭টায় রাজধানীর আনওয়ারুল উলুম মাদিনাতুল মোনাওয়ারা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরা পূর্ব থানার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

সভা শেষে মাওলানা মাহমুদুল হাসানকে সভাপতি, মাওলানা হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সালাহ উদ্দীনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ থানা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা লোকমান মাযহারী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মতিউর রহমান গাজীপুরী বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার বিকল্প নেই। তিনি ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি গঠন, নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিল সর্বাত্মকভাবে সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা শহীদুল্লাহ, মাওলানা আহমদ শফী, মাওলানা আলী আহমদ কাসেমী, মাওলানা আবুল বাশার, উত্তরা পশ্চিম থানার সভাপতি মুফতি কেফায়েতুল্লাহ নোমানী, মাওলানা মুঈনুদ্দিন, মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা ইয়াসিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরা পূর্ব থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি মহানগর উত্তর শাখার আসন্ন কাউন্সিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ