নিজস্ব প্রতিবেদক-
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ বেতারের প্রধান ক্বারী এবং জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের সিনিয়র মুদাররিস আল্লামা ক্বারী আবু রায়হানের ওপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) রাত ৯টায় রাজধানীর পুরানা পল্টনের হোটেল খানা বাসমতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, গত রোববার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামে স্থানীয় ব্যক্তি মোশাররফ ধারালো শাবল দিয়ে হামলা চালিয়ে আল্লামা ক্বারী আবু রায়হানকে গুরুতর আহত করেন। হামলায় তাঁর রানের হাড় ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঘটনাটি কোনো সাধারণ জমি বা সীমানাপ্রাচীরসংক্রান্ত বিরোধের ফল নয়; বরং এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। বক্তাদের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ক্বারী আবু রায়হানকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছিল এবং হামলার পরও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে।
তারা আরও অভিযোগ করেন, হামলার পর স্থানীয় থানা প্রথমদিকে মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণে অনীহা দেখায়। হাসপাতালের চিকিৎসা প্রতিবেদন, ছবি ও ভিডিও উপস্থাপনের পরও দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে প্রশাসন সক্রিয় হয় এবং মূল অভিযুক্তকে আটক করা হয়।
বক্তারা বলেন, একজন প্রবীণ আলেমের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে অপরাধীদের ছাড় দেওয়া হলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—
মূল হামলাকারী মোশাররফ, আলমসহ ঘটনার সঙ্গে জড়িত সকল ব্যক্তির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালিবাজাইল গ্রামে অবস্থানরত ক্বারী আবু রায়হানের পরিবার, বিশেষ করে তাঁর ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করা।
ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা এবং মামলা গ্রহণে প্রাথমিক অনীহার বিষয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরিস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউসুফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউর রহমান, মাওলানা সালমান রহমান, ক্বারী লুৎফুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসা, মাওলানা আবু সাঈদসহ অনেকে উপস্থিত ছিলেন।
জেডএম/