নিজস্ব প্রতিবেদক—
সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে।
সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজারে সংরক্ষিত সিল করা ডেকচিগুলোর ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে গণনার কাজ শুরু হয়।
ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রকাশ্যে দানের অর্থ গণনার এমন দৃশ্য আগে দেখা না যাওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা দানের টাকা গুনছেন। গণনার সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর অর্থ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শাহজালাল (রহ.)-এর মাজারে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে এবারই প্রথম প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে প্রকাশ্যে দানের অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
আইও