সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দানবাক্স ও সিলগালা করা ঐতিহাসিক তিনটি ডেগের ওপর সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন। নতুন এ উদ্যোগকে কেন্দ্র করে মাজার এলাকায় নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নির্দেশনায় মাজার প্রাঙ্গণে দানবাক্সের ওপর সিসিটিভি ক্যামেরা বসানো হয়। একই সঙ্গে দানের ঐতিহাসিক তিনটি ডেগের ওপরও একাধিক ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এসব ক্যামেরার মাধ্যমে দান সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত হওয়া এবং জবাবদিহির পরিবেশ তৈরি হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। পাশাপাশি দান কার্যক্রমে সাধারণ দর্শনার্থীদের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও দাবি করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার উপস্থিতিতে মাজারে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সময়ে ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন করা হয়।
পরবর্তীতে শুক্রবার হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় তিনি দানবাক্সে তালা লাগানোর নির্দেশ দেন বলে জানা গেছে।
তবে জেলা প্রশাসনের এসব পদক্ষেপকে ঘিরে মাজারসংশ্লিষ্টদের একাংশ এবং ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের কেউ কেউ এ উদ্যোগকে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা জোরপূর্বক হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
আরএইচ/