রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিলের নোটিশকে ‘আইনসম্মত’ নয় বলে আখ্যা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, হাসপাতাল কতৃপক্ষ এ বিষয়ে হাসপাতাল কতৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
মঙ্গলবার (৬ জুন) রাজধানীর হলিডে ইন হোটেলে আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং আদ্-দ্বীন হাসপাতাল কেউই চান না হাসপাতালটি বন্ধ হয়ে যাক বা ক্ষতিগ্রস্ত হোক। তবে যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সম্মেলনে তিনি জানান, ঘটনার প্রাথমিক তদন্তে পেশাগত অবহেলার অভিযোগে দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার জন্যও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ক্ষমাপ্রার্থী। যেভাবে সাংবাদিকদের সঙ্গে আচরণ করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের কাছে এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ভুল হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বানও জানাই।
এ ঘটনায় নিজের ভূমিকা সম্পর্কে শিশির মনির বলেন, মানবিক কারণে আমি এখানে একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছি।
এ সময় তিনি নিজেকে কেবল একজন মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আজীবন ভুক্তভোগীদের পাশে থাকা, পরিবারের যোগ্য ব্যক্তিদের চাকরি সুযোগে এবং হাসপাতাল কর্তৃপক্ষ সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে বলেও আশ্বাস দেন।
জেডএম/
