শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা ডেঙ্গুর লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, জরিমানা ধরা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মসজিদের ইমাম, পেশায় শিক্ষক। কিন্তু সেখানেই থেমে থাকেননি মুহাম্মদ শরীফ বিল্লাহ। ধর্মীয় দায়িত্ব পালন ও শিক্ষকতার পাশাপাশি কৃষিকেও বেছে নিয়েছেন সম্ভাবনার নতুন ক্ষেত্র হিসেবে। প্রশিক্ষণ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে এখন তিনি সবজি, মাছ, গবাদিপশু ও হাঁস-মুরগির সমন্বিত খামার গড়ে সফলতার স্বপ্ন দেখছেন। শুধু নিজেই এগিয়ে যাচ্ছেন না, উদ্বুদ্ধ করছেন এলাকার কৃষক ও তরুণদেরও।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামের বাসিন্দা ৪৬ বছর বয়সী মুহাম্মদ শরীফ বিল্লাহ। তিনি স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং একই এলাকার বায়তুল হামদ জামে মসজিদের ইমাম। তাঁর বাবা মরহুম মাওলানা তোফায়েল আহমেদ।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের একটি ইমাম প্রশিক্ষণে অংশ নেওয়ার পর কৃষি বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। এরপর পরীক্ষামূলকভাবে কৃষিকাজ শুরু করলেও অল্প সময়েই আশাব্যঞ্জক সাফল্যের মুখ দেখতে শুরু করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ কাঠা জমিতে তিনি বিভিন্ন ধরনের শাকসবজির চাষ করেছেন। পুঁইশাক, লাউ, ঢ্যাঁড়স, করলা, মিষ্টি কুমড়া, বরবটি ও পেঁপেসহ নানা ধরনের সবজি এখন শোভা পাচ্ছে তাঁর খেতে। এসব কাজে সার্বক্ষণিক সহযোগিতা করছেন তাঁর ভাই আরিফ বিল্লাহ।

শুধু সবজি চাষেই সীমাবদ্ধ নন শরীফ বিল্লাহ। আরও প্রায় পাঁচ কাঠা জমির পুকুরে মাছ চাষ করছেন আধুনিক পদ্ধতিতে। মাছের নিয়মিত খাদ্য সরবরাহের পাশাপাশি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে পানির পিএইচ মানও পরীক্ষা করা হয়। একই সঙ্গে তিনি গরু ও মুরগি পালন করে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস খান বলেন, “শরীফ বিল্লাহ খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন। তাঁকে দেখে এলাকার অনেক মানুষ উৎসাহিত হচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে সবাই উপকৃত হবে।”

কৃষক ফজলু ব্যাপারী জানান, শরীফ বিল্লাহ শুধু নিজের খামার নিয়েই ব্যস্ত নন, অন্যদেরও সহযোগিতা করছেন। তিনি বলেন, “আমাদের কৃষি উপকরণ ও পরামর্শ দিয়ে সাহায্য করেন। তাঁর কাছ থেকে আধুনিক কৃষি পদ্ধতি শিখে আমরা নিজেরাও কাজে লাগানোর চেষ্টা করছি।”

আরেক কৃষক মোশাররফ ব্যাপারীর ভাষ্য, “আগে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে তেমন ধারণা ছিল না। এখন শরীফ বিল্লাহর মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। গরু মোটাতাজাকরণসহ বিভিন্ন বিষয়ে তাঁর কাছ থেকে শেখার সুযোগ হচ্ছে।”

নিজের উদ্যোগ সম্পর্কে শরীফ বিল্লাহ বলেন, “একজন ইমামের কৃষিতে সফলতার গল্প পড়ে আমি অনুপ্রাণিত হই। এরপর নিজেও পরীক্ষামূলকভাবে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে ভালো ফল পাচ্ছি। কৃষি ঋণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারব। পাশাপাশি এলাকার কৃষক ও যুবকদেরও পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, যাতে তারাও স্বাবলম্বী হতে পারে।”

জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “শরীফ বিল্লাহকে কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সরকারি কৃষি প্রণোদনার আওতায় সহায়তাও প্রদান করা হয়েছে। তিনি নিয়মিত কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ রাখেন এবং পরামর্শ নেন। এভাবে এগিয়ে গেলে আমরা তাঁর পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ৪৫ দিনের ইমাম প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে ১০৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে এ প্লাস গ্রেড অর্জন করে চতুর্থ স্থান লাভ করেন শরীফ বিল্লাহ। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে একটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রও পরিচালনা করছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ