আওয়ার ইসলাম ডেস্ক: নারীদের আল্লাহ তাআলা নির্দিষ্ট কি কি অধিকার দিয়েছেন দলিল সহ জানতে চাই?? নারীরা কি পড়াশোনা, চাকরি করা, নিজে থেকে তালাক দেয়া, সম্পত্তির ভাগ, এসবের অধিকার পেয়েছে কিনা??? দলিল সহ জানতে চাই??? অনেকে বলেন আল্লাহর তাআলার নির্দিষ্ট করে নারীদের ৭টি অধিকার দিয়েছেন এটা ঠিক কিনা জানতে চাই।
উত্তরঃ পবিত্র কুরআনে পুরুষের পাশাপাশি নারীদের অধিকার নিশ্চিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নারীর অধিকার রক্ষায় পুরুষকেই নির্দেশনা ও দায়িত্ব দেওয়া হয়েছে। কুরআন নারীদের যেসব সম্মান ও অধিকার দিয়েছে নিম্নে তার কয়েকটি তুলে ধরা হলো।
বেঁচে থাকার অধিকার:
ইসলাম-পূর্ব নারীরা ছিল চরম অবহেলিত, ঘৃণিত। কন্যাসন্তান জন্মের সংবাদ শোনামাত্র তাদের মুখ অন্ধকার ও মলিন হয়ে যেত। এমনকি কন্যাসন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলার নির্মম ঘটনাও ঘটেছিল সে সময়। বর্তমানেও কোনো কোনো অঞ্চলে এ ধরনের দৃষ্টান্ত পাওয়া যায়। মেয়েদের প্রতি তাদের এই ঘৃণ্য আচরণের নিন্দা জানিয়ে কুরআন মজিদে ইরশাদ হয়েছে, ‘তাদের কাউকে যখন কন্যাসন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। তাকে যে সংবাদ দেওয়া হয়, তার থেকে বাঁচতে সে নিজ সমপ্রদায় থেকে আত্মগোপন করে; সে চিন্তা করে যে হীনতা সত্ত্বেও সে তাকে রেখে দেবে, না মাটিতে পুঁতে দেবে। সাবধান! তারা যা সিদ্ধান্ত করে, তা কতই না নিকৃষ্ট।’ (সুরা : নাহল, আয়াত : ৫৮-৫৯)
উপার্জিত সম্পদে মালিকানার অধিকার:
তৎকালীন সময়ে নারীদের অবস্থা সংক্ষেপে তুলে ধরে মোহাম্মদ রশিদ রেজা (রহ.) বলেন, সে সময় নারীদের জন্তু-জানোয়ারের মতো কেনাবেচা হতো। স্বামীরা তাদের দিয়ে দেহ ব্যবসা করাত। মিরাস (উত্তরাধিকার সূত্রে সম্পত্তি) তো পেতই না; উপরন্তু তারাও মিরাস হিসেবে বণ্টিত হতো। তারা অধিকারী ছিল না; ছিল অধীনস্থ। এমনকি স্বীয় উপার্জিত সম্পদে তাদের মালিকানা ছিল না, উপার্জন করে আনলেও স্বামীরা লুট করে নিত। অথচ পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জ্ঞাত।â€