আওয়ার ইসলাম ডেস্ক: তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি শুধু মিথ্যাবাদীই নয়, একটি জালিয়াত রাজনৈতিক দল। মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করা, ভারতের মন্ত্রী অমিত শাহের ফোন নিয়ে মিথ্যাচার, জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য বিকৃত করা -এসব ঘটনাই তার প্রমাণ।
আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপির বক্তব্যে জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জার্মানির মতো একটি দেশের রাষ্ট্রদূত একটি রাজনৈতিক দলের বক্তব্যের প্রেক্ষিতে এরকম প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা আমাদের দেশে নিকট অতীতে কখনো ঘটেনি।
বিএনপি যে বিভিন্ন সময়ে বিদেশিদের সাথে দেখা করে বিদেশিদের উদ্ধৃতি দিয়ে নানা কথাবার্তা বলে, তার অনেকগুলো যে বানোয়াট, সেটিরই প্রমাণ হচ্ছে জার্মান রাষ্ট্রদূতের ক্ষোভ প্রকাশ। ’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, ‘বিএনপি কয়েক বছর আগে ছয়জন কংগ্রেসম্যানের সই জাল করে তাদের পক্ষে বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করেছিল। সে প্রেক্ষিতে তৎকালীন মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস এবং একই কমিটির সদস্য এনজেল বিবৃতি দিয়ে বলেছিলেন, এই ধরণের জালিয়াতি অগ্রহণযোগ্য, এটি কখনো হওয়া উচিত নয়।
শুধু তাই নয়, খালেদা জিয়ার প্রেস সচিব সম্ভবত মারুফ কামাল একবার সাংবাদিকদের ডেকে বলেছিলেন যে, অমিত শাহ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছেন। পরবর্তিতে অমিত শাহের অফিস থেকে বলা হয় যে, অমিত শাহ ফোন করেননি। এসব ঘটনাই প্রমাণ করে, বিএনপি একটি জালিয়াত রাজনৈতিক দল। ’
প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন-নোয়াবের বিবৃতি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নোয়াব তো বলেছে এ আইনের প্রয়োজন নেই। তাদের বিবৃতিতে এটিও বলা আছে যে, যেহেতু প্রেস কাউন্সিল, ডিএফপি আছে সুতরাং এ আইনের কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন, প্রকৃতপক্ষে প্রেস কাউন্সিল এবং ডিএফপি কিন্তু সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন গণমাধ্যমকর্মীদের চাকুরি সুরক্ষা নিয়ে কাজ করে না। টেলিভিশন, রেডিও বা অনলাইনের সাংবাদিকদের সুরক্ষার জন্যও কোনো আইন নেই। ’
‘সাংবাদিকদের সুরক্ষার জন্য এ আইন হলে যখন তখন গণমাধ্যম থেà¦