নুরুদ্দীন তাসলিম।।
মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরবি ভাষা ও ইসলামি কিতাবের সর্ববৃহৎ বইমেলায় ‘দার আল-রায়াহীন’ নামে একটি বৈদেশিক প্রকাশনা প্রতিষ্ঠান পরিবেশিত বইগুলোর বেস্ট সেলার তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের গবেষক আলেম মাওলানা মুহাম্মদ আবদুল মালেকের হাদিস শাস্ত্রের প্রাথমিক বিষয়াদি নিয়ে আরবি ভাষায় রচিত ‘আল মাদখাল ইলা উলূমিল হাদিস’ নামক চমৎকার কিতাবটি।
দেশের বাইরে কিতাবটির এমন ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশের ইলমি গবেষণা ও চর্চাকে নিয়ে গেল এক নতুন উচ্চতায়। দেশের জন্য একে নতুন মাইলফলক বলেও মনে করছেন অনেকেই। এ নিয়ে ইলমি মহলের মানুষজন বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনলাইন ও অফলাইনে। কিতাবটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৪১৯ হিজরিতে ( ১৯৯৮ ইংরেজি)। চতুর্থ সংস্করণে গিয়ে তা সমাদৃত হল বিশ্ব দরবারে।
দেশের বাইরে কিতাবটির এমন পাঠকপ্রিয়তাকে কিভাবে দেখছেন ইলমি মহলের লোকজন? এ বিষয়ে জানতে আওয়ার ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার শিক্ষক ও মাওলানা মুহাম্মদ আবদুল মালেকের স্নেহধন্য ছাত্রদের একজন মাওলানা তাহমীদুল মাওলার সঙ্গে। তিনি ‘আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শারীফ’-এর ব্যাপক জনপ্রিয়তায় প্রথমেই আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করেছেন। দোয়া করেছেন কিতাবটি যেন আরো বেশি পাঠকপ্রিয়তা পায়।
তবে কিতাবটির এই ব্যাপক পাঠকপ্রিয়তায় তিনি তেমন একটা অবাক হননি। কারন হিসেবে তিনি বলছেন, কিতাবের লেখক মাওলানা আবদুল মালেক নিজেকে গোপন রাখতে চাইলেও উপমহাদেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকাসহ আরবের অনেক আলেম-তলাবাদের মাঝে তার গুরুত্ব আগে থেকেই রয়েছে। তাই কিতাবটি আরব দেশগুলো থেকে প্রকাশিত হওয়ার বিষয়টি আগে থেকেই প্রত্যাশিত ছিল।
এছাড়া বাংলাদেশ থেকে কিতাবটির যে মুদ্রণ ছাপানো হয়েছে ইতোমধ্যেই তা ভারত আফ্রিকাসহ বিভিন্ন দেশের মাদ্রাসাগুলোতে সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ.-এর যেসব ছাত্র রয়েছেন মাওলানা আব্দুল মালেকের সমবয়সি তাদের মাঝেও কিতাবটি ব্যাপক পরিচিত তাই কà