বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


পরিবর্তন হচ্ছে ‘শান্তিনগর-মাওয়া রোড ফ্লাইওভারে’র নকশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানজট নিরসনের নতুন চমক হিসেবে ঢাকার শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া সড়কের ঝিলিমিল পর্যন্ত ১৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের নকশায় পরিবর্তন আনা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, চলমান মেট্রোরেল প্রকল্পের সঙ্গে ফ্লাইওভারের নকশার কিছু গরমিল রয়েছে। এই ফ্লাইওভার স্থাপিত হলে মেট্রোরেলের সঙ্গে সঠিক সংযোগ হবে না। যার ফলে যানজট নিরসনের পরিবর্তে মেট্রোরেল ও ফ্লাইওভারের মধ্যে নতুন সঙ্কট সৃষ্টি হতে পারে। এসব বিষয় মাথায় রেখেই প্রকল্পটির নকশায় পরিবর্তন আনা হচ্ছে।

জানা যায়, মেট্রোরেল প্রকল্প হবে উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত। যার দৈর্ঘ্য ২০ দশমিক ১ কিলোমিটার। এর সঙ্গে সাংঘর্ষিক ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের নকশা পরিবর্তন করা হবে। ফ্লাইওভারটি পল্টন ইন্টারসেকশনে এমআরটি-৬কে অতিক্রম করবে এমন কথা চিন্তা করেই নকশা পরিবর্তন করা হচ্ছে।

২০১৭ সালে রিভাইস স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (আরএসটিপি) অনুযায়ী, দেশের সর্ববৃহৎ এ ফ্লাইওভার নির্মাণ করা হবে।

ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের সহকারী প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, আগের নকশায় এসব প্রকল্পের সঙ্গে শান্তিনগর হতে ঢাকা-মাওয়া রোড (ঝিলমিল) পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের নকশা সাংঘর্ষিক ছিলো। মেট্রোরেল, হানিফ ফ্লাইওভার এবং বিআরটি-৩ রুটের কথা চিন্তা করেই নকশা পরিবর্তন করা হচ্ছে। ঢাকা শহরের সকল নির্মাণাধীন প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নতুন ডিপিপি সংশোধন করা হচ্ছে।

রাজউক সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পের প্রাথমিক এলাইনমেন্টের সঙ্গে বিআরটি-৩ এবং এমআরটি-৬ এর মধ্যে ‘সংঘর্ষ’ এড়াতেই আবারও সংশোধন করা হবে ডিপিপি। সম্ভাব্যতা যাচাইপূর্বক বিআরটি-৩ এর এলাইনমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে কতিপয় র‌্যাম্প সংযোজন বিয়োজন করা হচ্ছে।

ফকিরাপুল ইন্টারসেকশনের পরে ফ্লাইওভারটি আরামবাগ (টয়েনবী সার্কুলার রোড) থেকে শুরু করে ঢাকা-মাওয়া রোডের ঝিলমিল পর্যন্ত নির্মাণের প্রস্তাব করা হয়েছে। ফলে এমআরটি-৬ এবং বিআরটি-৩ এর সঙ্গে সঠিক সংযোগ তৈরি হবে ফ্লাইওভারের।

এসব নকশা পরিবর্তন করে প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫১ কোটি টাকা। ফ্লাইওভার নির্মাণে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পরামর্শক খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪৩ কোটি টাকা। ঢাকা শহরের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যতা ও ফ্লাইওভারটির এলাইনমেন্ট পর্যোলচনা করে জমি অধিগ্রহণ, ক্ষতিপূর্ণ, ইউটিলিটি স্থানান্তরসহ নানা ব্যয় ঢেলে সাজানো হচ্ছে।

প্রকল্পের চূড়ান্ত নকশা অনুযায়ী, চারলেন ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য হবে ১৩ দশমিক ৩২ কিলোমিটার। দুই লেনযুক্ত র‌্যাম্পের দৈর্ঘ্য ২ দশমিক ০৬ কিলোমিটার। চতুর্থ বুড়িগঙ্গা সেতুর দৈর্ঘ্য হবে (বাবু বাজার ব্রিজের উপর দিয়ে) ৪৪২ মিটার, আর প্রস্থ হবে চারলেন। প্রকল্পের আওতায় ১৬৫ শতক জমি অধিগ্রহণ করা হবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ