বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭


আ’লীগ কার্যালয়ে হামলা, যুবলীগ নেতা আসামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদারসহ ১৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাতে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শওকত শিকদারের ভাতিজা ফজলুল হক শিকদার বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক তালুকদার, সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আমির হামজা বাদু ও সখীপুর লোকাল বয়েজ ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন অন্তরকেও আসামি করা হয়েছে।

মামলার বিবরণ ও দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবুকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে রাত ১০টার দিকে এতিম খানা রোডে আওয়ামী লীগের কার্যালয় হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করে দুর্বৃত্তরা।

এ সময় হামলাকারীরা ওই কার্যালয়ে থাকা বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদারের ছবিসংবলিত ব্যানার ফেস্টুনও ছিঁড়ে ফেলে। তারা একটি এলইডি টিভিও নিয়ে যায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার বলেন, সাবেক সংসদ অনুপম শাহজাহান জয় ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবুর সমর্থকরা আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাঙচুর করেছে। এটা নিন্দনীয় ও দুঃখজনক।

তবে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। নির্বাচনে আওয়ামী লীগ নামধারী যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে তারাই আওয়ামী লীগ অফিসের নাম ভাঙিয়ে আমার লোকজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা করেছে।

এদিকে সখীপুর থানার ওসি মুহা. আমির হোসেন বলেন, আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ