শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯ মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন ২২ হাজার ৫০০ ভবন নির্মাণ করা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০০৯ সাল থেকে এ পর্যন্ত স্কুল কলেজ ও মাদরাসায় ১০ হাজার ৫০০ নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, দুই হাজার ভবনের নির্মাণকাজ চলমান। আরও ২২ হাজার ৫০০ ভবন নির্মাণ করা হবে। এই ভবনগুলো চার থেকে ১০ তলা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) কর্তৃক ২০১৭-২০১৮ সালের এডিপি বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে শনিবার (৫ মে) এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

প্রত্যেক নির্বাচনী এলাকায় ২০টি হাইস্কুল, ৬টি মাদরাসা এবং সবগুলো কলেজে ভবন নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘২০টি স্কুলের মধ্যে ১০টিতে নতুন ভবন এবং ১০টিতে ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। ২০০ কলেজে মহিলা আবাসিক হোস্টেল নির্মাণ করা হবে। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) নির্মাণ করা হবে। এর মধ্যে ১০০টির নির্মাণকাজ চলছে।’এ বছরের মধ্যে এই ১০০টি টিএসসির নির্মাণ সম্পন্ন করতে ইইডির প্রকৌশলীদের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গুণগত পরিবর্তন হয়েছে। ভালো পরিবেশ তৈরি হয়েছে। এ পরিবেশ ও সুনাম ধরে রাখতে হবে। সবার আগে কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত করতে হবে। এবারের এডিপি বাস্তবায়নে অবশিষ্ট সময় কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ যথাসময়ে সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘কাজগুলো যাতে ভালো ও টেকসই হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। মানের সাথে কোনো আপোশ করা যাবে না। উন্নত ও সুন্দর ডিজাইনের ভবন নির্মাণ করতে হবে, যাতে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের পদোন্নতিসহ এ অধিদপ্তরের উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছে। এ অধিদপ্তরে বর্তমানে এক হাজার ৩২৭টি পদ রয়েছে। আরো তিন হাজার ৬৭০টি নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে।’

দক্ষতাসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার জন্য সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, ‘ঘুষ-দুর্নীতি অবশ্যই বন্ধ করতে হবে। অপব্যবহার, অপচয়, ঘুষ-দুর্নীতি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় করে দিতে হবে। ইইডি এর উজ্জ্বল উদাহরণ হবে।’

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ