হানিফ আল হাদী
প্রবন্ধকার, অনুবাদক, ভাষা প্রশিক্ষক
সদা হাসিমুখে আগে সালাম দিয়ে কুশল জিজ্ঞাসাকারী যে লোকটি গত ১১ জুলাই ২০১৬ সোমবার শাওয়ালের রোজা অবস্থায় কাকরাইলের গেইটে মাওলার ডাকে সাড়া দিলেন তিনি হজরতজী মাওলানা এন‘আমুল হাসান রহ.-এর পক্ষ থেকে হজরত মাওলানা সাঈদ খান সাহেব রহ.কে হাদিয়া দেওয়া “খাস চিজ”, উভয় হজরতের দীর্ঘ দিনের খাদেম, শাইখুল হাদিস মাওলানা যাকারিয়্যা রহ.কে কবরে রাখনেওয়ালা, কারী তৈয়ব সাহেব রহ.-এর “সফিরে খাস”, ১০বছর মদিনা মুনাওয়ারায় মসজিদে নূর-এর মুকিম (যা মদিনার তাবলিগের মারকাজ হিসেবে ব্যবহৃত), অতঃপর আমৃত্যু মুকিম কাকরাইল মসজিদ, ২৮০০ ফুট উপর থেকে নিক্ষেপিত বেঁচে যাওয়া সাদাসিদা মানুষ মাওলানা ওজিউল্লাহ বিন আমজাদ আলী।
লেখা-পড়া শুরু হয় ফেনী, শর্শদী মাদরাসায়।মিজান ও নাহবেমীর পড়েন কুমিল্লা নূর মসজিদ মারকাজ মাদরাসায়। হেদায়েতুন্নাহু থেকে দাওরা (৭ বছর) সমাপ্ত করেন দিল্লি নিজামুদ্দীন মারকাজ মাদরাসায়। পরের বছর এক সালের তাশকিল হয়ে যান। সালের তিন মাস বাকি থাকতে তৎকালীন বৃহত্তর নোয়াখালীর আমির হাজী সেকান্দার সাহেবের ছোট কন্যারসাথে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা মোহরে টংগী ইজতেমায় হজরতজী মাওলানা এন‘আমুল হাসান রহ.-এর হাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।৬৪ বছর বয়সে উক্ত স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ১৪ জন নাতী-নাতনী রেখে ইন্তেকাল করেন।
১৯৭১ সাল। পুরোদমে যুদ্ধ চলছে। ওজিউল্লাহ কুমিল্লা নূর মসজিদ মারকাজ মাদরাসার ছাত্র। মসজিদের মুয়াজ্জিনও সে। শীতের রাত। ইশার আজান দিতে বের হলেন। আজানের মাঝেই শুরু হল হানাদার বাহিনীর বোম্বিং আর গুলি। মানুষ দিগি¦দিক জ্ঞান শূন্য। কুমিল্লা শহরের সকল দরজা বন্ধ হয়ে গেল। বন্ধ হল মাদরাসার দরজাও। আজ ইশার জামাতে ওজিউল্লাহ একাই ইমাম, মুয়াজ্জিন ও মুকতাদি। নামাজের অনেক পর বারুদের গন্ধ বাড়লেও গোলার আওয়াজ কমে এল। ধীরে ধীরে পা-টিপে মাদরাসা ঘরে এলেন। ওজিউল্লাহ শহিদ হয়ে গেছে ধারণায় সকলেই আফসোস করতে করতে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। ডাকলে কষ্ট হবে ভেবে সারা রাত মুহতামিম সাহেবের দরজায় দাঁড়িয়ে রইলেন কিন্তু আওয়াজ করলেন না। ফজরের সময় হয়ে গেলে “ফজরের সময় হয়েছে; ঘুম থেকে উঠুন” আওয়াজ দিলেন।