নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলায় রয়েছে অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে অন্তত ১৫টি এলাকায় গা ঘেঁষে মসজিদ-মন্দিরের অবস্থান সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে। এর মধ্যে জেলা শহরের মহিষখোলা এলাকায় মসজিদ-মন্দিরের পাশাপাশি অবস্থান। এখানে সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুই ধর্মের ধর্মীয় আচার-অনুষ্ঠান। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে নেই কোনো হিংসা-বিদ্বেষ। বরং যুগ যুগ ধরে ধর্ম পালনে একে অপরকে সহযোগিতা করে আসছেন সবাই।
জেলা শহরের মহিষখোলা মসজিদের ইমাম হাফেজ মো. এনামুল হক জানান, মহিষখোলার পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদ এবং পূজামণ্ডপটি একই জায়গায়। আমাদের নামাজের সময় ওরা পূজা অনুষ্ঠান বন্ধ রাখে। নামাজ শেষ হলে আবার তাদের ধর্মীয় অনুষ্ঠান শুরু করে। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আশা করছি ভবিষ্যতেও সমস্যা হবে না।