সৈয়ব আহমেদ সিয়াম,
গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘এশিয়ান সায়েন্টিস্ট’ এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে।
চলতি বছরের এ তালিকায় স্থান পেয়েছেন বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)-এর নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক। ‘এশিয়ান সায়েন্টিস্ট’ মূলত এশিয়ার বিভিন্ন দেশের গবেষক ও বিজ্ঞানীদের উদ্ভাবন, গবেষণা এবং বৈজ্ঞানিক অবদান তুলে ধরে থাকে।
প্রতিবছর প্রতিষ্ঠানটি গবেষণা, প্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল ও পরিবেশবিষয়ক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিজ্ঞানীদের নিয়ে ‘এশিয়ান সায়েন্টিস্ট ১০০’ তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া গবেষক ও উদ্ভাবকদের মধ্য থেকেই এই তালিকা নির্বাচন করা হয়। এ বছর উক্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিনজন বিজ্ঞানী।
ড. মোহাম্মদ আব্বাস উদ্দিন শায়ক ২০২৫ সালে এইচএন্ডএম ফাউন্ডেশন প্রদত্ত “গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড” এর জন্য নির্বাচিত হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। পরিবেশবান্ধব টেক্সটাইল প্রসেস উদ্ভাবনে তার গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এই সম্মাননা লাভ করেন। তার উদ্ভাবিত “ডিকার্বনাইজেশন ল্যাব ফর টেক্সটাইল প্রসেস ইনোভেশন” প্রকল্পে স্বল্প নির্গমনভিত্তিক ডাইং ও ট্রিটমেন্ট প্রক্রিয়া উন্নয়নের কাজ করা হচ্ছে, যা ফ্যাশন শিল্পের পরিবেশগত ক্ষতি কমাতে সহায়তা করবে।
টেক্সটাইল খাতে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে ড. শায়কের এই অর্জন বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের টেক্সটাইল গবেষণাকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
এমএম/