কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দিতে কদমতলী মুহসিনিয়া কওমি মাদরাসার মুহতামিম মাওলানা মকবুল ইলাহির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামে মাদরাসার জায়গায় গাছ রোপণ করার সময় এ হামলার ঘটনা ঘটে। জহির মুনশির নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মাওলানা মকবুল ইলাহির ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। মাদরাসার সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হয়েছে বলেও জানানো হয়।
এক বিবৃতিতে কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন জানায়, একজন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মুহতামিমের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। একটি দ্বীনি প্রতিষ্ঠানের জায়গায় গাছ রোপণকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার অভিযোগে অভিযুক্ত ইলিয়াস মুনশি, জহির মুনশি, ইয়াসিন মুনশিসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া মাওলানা মকবুল ইলাহির নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদরাসার স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই এ ধরনের সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।
আইও/